Home » কবি নওশাদ নূরী: জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি // মিজানুর রহমান নাসিম

কবি নওশাদ নূরী: জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি // মিজানুর রহমান নাসিম

২০১৭ সালের জুন মাসে ষাণ্মাসিক সাহিত্য জার্নাল মননরেখার আত্মপ্রকাশ। পরের বছর ডিসেম্বরে কবি নওশাদ নূরীকে নিয়ে একটি সংখ্যা করার যখন আলাপ উঠলো—আগপাছ না ভেবে রাজি হয়ে গেলাম। মূলত জাভেদ হুসেনই আমাকে এই কাজটি করতে অনুপ্রাণিত ও উৎসাহিত করলেন। মাত্র এক বছরের স্বল্প অভিজ্ঞতায় ভর করে এরকম একটি অপরিচিত বিষয় নিয়ে কাজ করা খুবই চ্যালেঞ্জিং ছিল। এর উপর ভাষাগত প্রতিবন্ধকতা তো ছিলই। অন্যদিকে, উর্দুভাষার কবি হওয়ার কারণে নওশাদ নূরী বাংলাভাষী পাঠকদের কাছেও খুবই সীমিত পরিসরে পরিচিত ছিলেন। এসব সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা কাজে ঝাঁপিয়ে পড়লাম। নওশাদ নূরীর কবিতা নিয়ে বাংলায় একটি মাত্র সম্পাদিত বই, দৈনিক পত্রিকার কলাম ও জার্নালে প্রকাশিত দেশী-বিদেশী কিছু প্রবন্ধ হাতে এলো। তাই নিয়ে যাত্রা শুরু। খোঁজ-খবর চললো—যেখানে যা পাওয়া যায়, যার কাছ থেকে যা জানা যায় সেসব সংগ্রহের চেষ্টা চললো। কাজটি সহজ করে দিলেন বাংলাদেশের আর এক সমকালীন উর্দুভাষী কবি শামীম জামানভি ও উর্দুভাষার অনুবাদক জাভেদ হুসেন। ২০১৮ সালের ডিসেম্বর মাসে মননরেখার চতুর্থ সংখ্যা “বাংলাদেশের উর্দু কবি নওশাদ নূরী” প্রকাশিত হলো। কবি নওশাদ নূরীকে নিয়ে প্রবন্ধ, সাক্ষাৎকার, স্মৃতিকথা, চিঠি, কবিতা ও গল্প মিলে প্রায় আড়াইশো পৃষ্ঠার এই সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে আরও বৃহত্তর পরিসরে, বাংলাভাষায় নওশাদ নূরীকে পাঠ করার সুযোগ সৃষ্টি হলো।

কবি নওশাদ নূরীর জন্ম বিহারের দ্বারভাঙ্গা জেলার বসন্তপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে। জন্মসন ২১ অক্টোবর ১৯২৬ খ্রিস্টাব্দ। ’৪৭ এর দেশভাগের সময় তিনি উনিশ বছরের কলেজ পড়ুয়া যুবক। উপমহাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনাটি  তিনি খুব সচেতনভাবেই উপলব্ধি করতে পেরেছিলেন বলা যায়। ইতোমধ্যে ১৯১৭ সালে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সারা দুনিয়ার মুক্তিকামী মানুষকে এক নতুন পথের দিশা দেখিয়েছে। ১৯২০ সালে এম.এন রায়ের উদ্যোগে ভারতে কমিউনিস্ট পার্টি আত্মপ্রকাশ করে এবং তার ধারাবাহিকতায় গড়ে ওঠে অসংখ্য বামধরার সংগঠন। ফলে জাতীয় রাজনীতিতে বুর্জুয়া জাতীয়তাবাদী লাইনের সমান্তরাল বাম প্রগতিশীল ধারার চিন্তাও বিকশিত হতে থাকে। এর প্রভাবে উপমহাদেশের শ্রমিক-কৃষক আন্দোলনে জোয়ার আসে। ১৯২৬ খ্রিস্টাব্দেই ভারতে ২০০ ট্রেড ইউনিয়নে সদস্যসংখ্যা ছিল ৩ লাখ (আন্তোনোভা, লেভিন, কতোভস্কি, ভারতবর্ষের ইতিহাস, পৃ. ৫৬২)। এ সংখ্যা উত্তরোত্তর বাড়ছিল এবং ভারতের চলমান স্বাধীনতা আন্দোলনকে বেগবান করছিল। এমন রাজনৈতিক কালপর্বে নওশাদ নূরীর জন্মগ্রহণ ও বেড়ে ওঠা। এসব ঘটনা তাঁর কাব্যচেতনাকে গভীরভাবে প্রভাবিত করেছিল।

চল্লিশের দশকে বাংলা, বিহার, তথা গোটা ভারতজুড়ে জীবনঘনিষ্ঠ সাহিত্যের জোয়ার সৃষ্টি হয়। ১৯৩৪ সালে কবি সাজ্জাদ জহির প্রতিষ্ঠা করেন প্রগতিশীল লেখক সংঘ। চল্লিশের দশকে পাটনা বি.এন কলেজের গ্রাজুয়েট নওশাদ নূরীও সেই প্রগতিকর্মে নিজেকে যুক্ত করেন। সেখানে সুহেইল আযিমাবাদী, আখতার আরোয়ানবি, মুখতারউদ্দিন আরযু ও কালাম হায়দারীর মত নামী সাহিত্যিকরা ছিলেন যাঁরা নওশাদ নূরীকে সাহিত্য ও রাজনীতি বিষয়ে দক্ষ করে তোলেন।

১৯৪৬ সালে নওশাদ নূরী প্রগতিশীল লেখক সংঘের বিহার শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। একই বছর সংঘঠিত হয়েছিল বিহার দাঙ্গা যার অভিঘাতে লক্ষ লক্ষ বিহারি সাতপুরুষের ভিটা ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমাতে বাধ্য হন। এই ভয়ানক সাম্প্রদায়িক দাঙ্গার তাণ্ডব তাঁর মনে গভীর রেখাপাত করেছিল। ফলে তাঁর কবিতায় তিনি ধর্ম-বর্ণ-ভাষা ও দেশকালের বিভাজনকে প্রত্যাখান করেছিলেন। সব দেশকালের অপশাসনের বিরুদ্ধেই কলম ধরেছেন। তাতে গর্দান বা চাকরি যাওয়ার ভয় তাঁকে নিবৃত্ত রাখতে পারেনি। এসবের অসংখ্য উদাহরণ আছে। ফলে সবার কাছেই অপ্রিয় থাকলেন। ভারত সরকার তাঁর নামে হুলিয়া জারি করলো, বিতাড়িত হলেন জন্মভূমি থেকে। ভাষার প্রশ্নে অবস্থানের কারণে পাকিস্তান সরকার তাঁর চাকরি কেড়ে নিল, বাধ্য করলো দেশ ছাড়তে। বাংলাদেশে এসে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়ায় একদিকে পাকিস্তান সরকারের তকমা পেলেন ‘পথভ্রষ্ট’ হিসেবে, অন্যদিকে তাঁর ঘরবাড়ি উচ্ছেদ করা হলো। উর্দুভাষীদেরও চক্ষুশূল হলেন। আবার স্বাধীন বাংলাদেশে উর্দুভাষী হওয়ার কারণে বাঙালিরা তাঁকে অবিশ্বাস ও উপেক্ষা করলো।

উল্লেখ্য, ১৯৪৯ সালে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর আমেরিকা সফরকে কেন্দ্র করে লিখেন ‘ভিখারি’ নামক একটি ব্যাঙ্গাত্মক কবিতা। কবিতাটি কমিউনিস্ট পার্টির একটি জনসভায় তিনি পাঠ করে শোনান। ফলে ভারত সরকার তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি করে। গ্রেফতার এড়াতে ১৯৫১ সালে তিনি পালিয়ে তদানীন্তন পূর্ব পাকিস্তানে চলে আসেন। তখন ঢাকাসহ সারা দেশ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উত্তাল ছিল। ১৯৪৮ সালের মার্চে ঢাকায় পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর পাকিস্তান রাষ্ট্রের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর ঘোষণাটি ছিল অবিবেচনাপ্রসূত। কারণ ১৯৫১ সালের জনগণনা অনুযাযী সমগ্র পাকিস্তানের প্রেক্ষাপটে বাংলাভাষীর সংখ্যা ছিল ৫৬.৪০ শতাংশ। অপরপক্ষে, উর্দুভাষী ছিল মাত্র ৩.৩৭ শতাংশ। এমনকি পাঞ্জাবি ভাষাও উর্দুভাষার চেয়ে এগিয়ে ছিল (২৮.৫৫ শতাংশ)। আর পূর্ব পাকিস্তানের জনসংখ্যার ৯৮.১৬ শতাংশের মাতৃভাষা ছিল বাংলা এবং ০.৬৪ শতাংশ মানুষের ভাষা ছিল উর্দু (Ahmed Ilias, Biharis: the Indian Immigrants in Bangladesh, An objective anaysis, 2003)।  নওশাদের অনুজপ্রতীম বন্ধু বাংলাদেশের উর্দুকবি আহমেদ ইলিয়াস পরবর্তীতে তাঁর আত্মজীবনীতে লিখেছেন, “বাঙালিরা যথেষ্ট যুক্তিসংগতভাবে দাবি করেছিল যে, উর্দুর পাশাপাশি বাংলাকেও পাকিস্তানের রাষ্ট্রভাষা করা উচিত (Ahmed Ilias, The World I saw: Memoir of A Commoner, 2014, p. 50)।” বলার অপেক্ষা রাখেনা যে, সাতচল্লিশের দেশভাগের মাত্র সাত মাস পরই পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টের এরকম একটি ঘোষণা পূর্বাঞ্চলে তাদের রাজনৈতিক আধিপত্য কায়েমের লিপ্সার সূচনা করেছিল। এই শাসননীতি ও মনোভাবের ধারাবাহিক নজির পরবর্তী ২৩ বছরের পাকিস্তানি শাসনামলে দেখতে পাওয়া যায়। এর সমাপ্তি ঘটেছিল একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশের মধ্যে দিয়ে।

যাহোক, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্র-জনতা মিছিল বের করে। মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে রাজপথ রঞ্জিত হয়। উর্দুভাষী হওয়া সত্ত্বেও নওশাদ নূরী উর্দুতে মাতৃভাষার বন্দনাকাব্য রচনা করে এতে সামিল হয়েছিলেন। বাঙালির মাতৃভাষার মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা ও ভুলকে তুলে ধরেছিলেন তাঁর বিখ্যাত কবিতা ‘মহেঞ্জোদারো’য়: “তোমাদের মুখের ভাষা আবার ফিরে এসেছে ওই মহামারী/ওই দুর্যোগ আবার নেমে এসেছে।” মাতৃভাষা বাংলার আন্দোলনে আরও সামিল হয়েছিলেন সৈয়দ ইউসুফ হাসান, আহমেদ ইলিয়াসসহ বেশ ক’জন উর্দুভাষী কবি-সাহিত্যিক। ষাটের দশকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনেও এঁদের অনেককে আমরা দেখতে পাবো।

নওশাদ নূরী সরকারী চাকুরে হিসেবে ১৯৫২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানে ছিলেন। সেখান থেকে ভাষাপ্রশ্নে তাঁকে চলে আসতে হয়। ১৯৬০ সালে তিনি ঢাকায় ফিরে এলেন। এখানে ফিচার সিন্ডিকেটের কর্মজীবনে সহকর্মী হিসেবে পেয়েছিলেন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ও গুণী সাংবাদিক আহমেদ হুমায়ুনকে। যুক্ত হলেন সাংবাদিকতায়। ন্যাপের মশিউর রহমান যাদুমিয়ার পৃষ্ঠপোষকতায় ১৯৬৮ সালে তাঁর সম্পাদনায় রুদাদ নামে একটি উর্দু সাপ্তাহিকী বের হয়। কিন্তু এই পত্রিকা বেশিদিন আলোর মুখ দেখতে পারেনি। ‘রুদাদ’ বন্ধ হয়ে যায়। পরের বছর ১৯৬৯ সালে তাজউদ্দিন আহমেদের পৃষ্ঠপোষকতায় বের করেন জারিদা নামে আরেকটি উর্দু সাপ্তাহিক। তখন পূর্ব পাকিস্তানজুড়ে উত্তাল গণঅভ্যুত্থান চলছিল। নওশাদ নীতিগতভাবে বাঙালির এই অধিকার আদায়ের আন্দোলনে একাত্মতা প্রকাশ করলেন। ঘোষণা করলেন, “তেরি নাজাত মেরি নাজাত, ছে নুকাত ছে নুকাত ( তোমার মুক্তি আমার মুক্তি ছয়দফা ছয়দফা)। পাকিস্তানি স্বৈরশাসনের বিরুদ্ধে বাঙালির দাবি আদায়ের আন্দোলনকে তিনি ছড়িয়ে দিলেন উর্দুভাষী ও অবাঙালিদের মধ্যেও। এরপরে জারিদার প্রতিটি সংখ্যায় জাতীয়তাবাদী চেতনা ও আসন্ন মুক্তিযুদ্ধের ইংগিত করে লেখা প্রকাশিত হয়েছে। যুক্ত করেছেন তদানীন্তন খ্যাতনামা বাঙালি কবি সাহিত্যিকদের। কাজটি মোটেও সহজ ছিল না। তিনি জানতেন যে কোনো সময় তাঁর উপর স্বৈরশাসকের খড়গ নেমে আসবে। কিন্তু ওসব তোয়াক্কা করেন নি।  

১৯৭১ পরবর্তী বাংলাদেশে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া উর্দুভাষা ও সাহিত্যকে পুনরুজ্জীবিত করতে যে সকল উর্দুভাষী কবি-সাহিত্যিক বিশেষ ভূমিকা পালন করেছেন নওশাদ নূরী ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে উর্দু প্রবল বৈরিতার মুখে পড়ে ও উর্দুভাষা চর্চা নাজুক হয়ে পড়ে। এই বৈরিতার সূচনা করেছিলেন পাকিস্তানি শাসকেরা নিজেরাই। এই পরিস্থিতিতে একদিকে তিনি বিভিন্ন উর্দু পত্র-পত্রিকা ও সাময়িকী প্রকাশের মাধ্যমে বাংলাদেশে উর্দু সাহিত্য চর্চার পৃষ্ঠপোষকতা করেছিলেন, অন্যদিকে মুশায়রা বা কবিতার আসরের আয়োজন করে উর্দু ও বাংলাভাষার কবিদের একই সূত্রে গাঁথার প্রয়াস চালিয়েছেন। তাঁদের চলার পথ মসৃণ ছিল না। ভীষণ রকম প্রতিকূল সময়ে নওশাদ নূরীদের এইসব কার্যক্রম ছিল অভূতপূর্ব।

২

ব্যক্তিজীবনে কবি নওশাদ নূরী বোহেমিয়ান ছিলেন। হিসেব কিতেবের ছকেবাঁধা জীবন সম্ভবত তাঁকে কখনোই খুব একটা বাগে আনতে পারেনি। জীবনকে বিচিত্রভাবে উপভোগ করার ক্ষেত্রে তাঁর কারিশমা দেখে বিস্মিত হতে হয়। তিনি জানতেন, বেতন—“কাল মিলেগা পরসো মিলে গা” ধরনের অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও কী অবলীলায় দিন কাটানো যায়! রোষানলে পড়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েও থাকা যায়, আবার পরিবারকে নিয়ে শান্তিতে দিনও কাটানো যায়। কবিতা লেখা যায়, বাঙালি বন্ধুদের সাথে জম্পেশ আড্ডায় মেতে উঠা যায়, বা অন্যদেশের কবিবন্ধুর সাথে আলাপে ফোনে হো হো করে হেসে ওঠা যায়। ট্রেনে ঢাকা আসার পথে হঠাৎ কোথাও নেমে পড়া যায় অবলীলায়। বা ঈদের দিনেও কোনো গ্রামে গিয়ে অচেনা কোনো পরিবারে সাথে বসে নিমন্ত্রণ খাওয়া যায়।

ভাবতে অবাক লাগে, এতকিছু যার ধরণ-ধারণ— তাঁর প্রতি পরিবারের সদস্যরাও শেষ পর্যন্ত প্রসন্নই থাকলো—বিদ্রোহ করল না। বরং র‌্যাঙ্কিং করা হলো—“বাবা হিসেবে তিনি এক্সিলেন্ট বাবা ছিলেন, ভেরি ফ্রেন্ডলি” (হাইকেল হাশমী, “আমার বাবা”, নওশাদ নূরী সংখ্যা)।

নওশাদ নূরীর সমকালে উর্দু সাহিত্যের বাঘা বাঘা কবি-সাহিত্যিকদের সাথে তাঁর হৃদ্যতা ও নিয়মিত যোগাযোগ ছিল। ফয়েজ আহমেদ ফয়েজ, কায়ফি আজমী, আহমেদ ফারাজ, হাবিব জালিব, আখতার পায়ামি, কাতিল শিফায়ি, হিমায়েত আলী শায়ের, আদিব সুহেইল এর মত দিকপাল কবিদের অনেকের সাথেই তাঁর নিয়মিত চিঠি বা ফোনে যোগাযোগ ছিল। সেসব চিঠির ভাষা পড়লেই বোঝা যায়, তাঁরা নওশাদ নূরীকে কতটা শ্রদ্ধা ও ভালোবাসার চোখে দেখতেন। তাঁদের বন্ধুত্বের সম্পর্কটা ছিল নিখাদ ও গভীর। একইভাবে বাংলাদেশে কামাল লোহানী, শামসুর রাহমান, আল মাহমুদ, আখতারুজ্জামান ইলিয়াস, ফজল শাহাবুদ্দীন প্রমুখ বন্ধুদের সাথে নিয়মিত আড্ডা ও সাহিত্যচর্চা চলতো। নওশাদ নূরীর দুটি উর্দু কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রথমটি রাহ ও রসমে আশনায়ী ২০০০ সনে কলকাতা থেকে প্রকাশিত হয়। দ্বিতীয় কাব্যগ্রন্থ রাওজাম-ই-দিওয়ার ঢাকা থেকে ২০০৩ সনে প্রকাশিত। তৃতীয় একটি পাণ্ডুলিপির কথা জানা যায়, যা এখনো প্রকাশিত হয়নি।

নওশাদ নূরী ছিলেন মূলত নজমের কবি। দ্রোহ তাঁর কবিতার অস্থিমজ্জায় লেগে আছে। তবে তাঁর সাম্যবাদী চেতনা একেবারে প্রেমবর্জিত নয়। তিনি গজলও লিখেছিন। ধ্রুপদী উর্দু কবিদের মধ্যে মির্জা গালিব মীরা জি, ফয়েজ আহমেদ ফয়েজ ও আহমেদ ফারাজ তাঁর প্রিয় কবি ছিলেন। বাংলাভাষায় অনূদিত নওশাদ নূরীর কবিতাগুলো বিশ্লেষণ করলে আমরা প্রধানত তাতে দুটি বৈশিষ্ট্যের সমন্বয় দেখতে পাই। এক. রাজনৈতিক চেতনা। দুই. ধ্রুপদী উর্দুকাব্যের বুনন ও নন্দনের প্রয়োগ। দ্রোহের প্রকাশ অবারিতভাবে এসেছে কবি নওশাদ নূরীর নজমে। মার্কসবাদে দীক্ষা নেওয়া কবি কালের ঐতিহাসিক সংকটগুলোকে ঠিকঠিকভাবে চিহ্নিত করতে পরতেন এবং সঠিক অবস্থান নিতে জানতেন। তাঁর বেশিরভাগ কবিতাই রাষ্ট্রীয় উৎপীড়নের বিরুদ্ধে, যাবতীয় সামজিক-রাজনৈতিক জুলুম-বঞ্চনার বিরুদ্ধে।

সামাজিক ন্যায় ও মানবিক মূল্যবোধ রক্ষার তাগিদ ও শোষিতের অধিকার রক্ষার আকুতি তিনি রেখেছেন বারবার। যারা সত্যবাদী বলে সমাজে পরিচিত অথচ সমাজের শত অন্যায় অনাচার দেখেও মুখ বন্ধ করে রাখেন তাদেরকে তিনি “সুর্মা খেয়েছেন” (বোবা হয়ে আছেন) বলে সমালোচনা করেছেন। একাত্তরের পাকিস্তানি সেনাদের বর্বরতম হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ দেখে তিনি হতবাক হয়েছেন। নির্ভয়চিত্তে লিখেছেন, “পাহাড়ে, জঙ্গলে সর্বত্র বুটের চিহ্ন দেখতে পেলাম।/ মসজিদের মিনারে কামানের চিহ্ন দেখলাম/ দোহাজারি থেকে ঝালকাঠি সবখানেই,/ আঙিনার লাউ মাচানে দেখলাম মদের বোতল প’ড়ে আছে,/ আর ঘরের ভেতর বাহাদুর সেপাইদের বেলেল্লাপনা।” সব দেখেশুনে কবি ভবিষ্যতদ্রষ্ট্রার মতো ঘোষণা করলেন, “সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়াই একমাত্র পথ…” (‘ছাব্বিশে মার্চ’, আসাদ চৌধুরী অনূদিত)।

গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে নওশাদ বিমোহিত ছিলেন— “ভোরের বাতাস করুণার হাত বদল করল/ ভেঙে গেল বৃক্ষের ডাল/ সোহাগ লুটে নিল তার প্রতিটি আলোর কিরণ/ কুয়াশা এলোমেলো ছড়িয়ে দিল তার প্রতিটি পাতা” (‘হেমন্তের পাতাগুলো’, হাইকেল হাশমী অনূদিত)। কবি মেঘনার সৌন্দর্য মগ্ন হয়ে উপভোগ করেন— “মেঘনার তীরে নৌকাগুলো/বাতাসে দোল খাচ্ছে। / কল্পনার আকাশে যেন/ শীতল বাতাসে চাঁদ পাখা মেলে উঠছে।” (‘মেঘনার তীরে’, জাফর আলম অনূদিত)।

মাঠভরা সোনালী ফসল ফলিয়েও কৃষকের মনে অনিশ্চিতি কাটে না, “এ মাটিতে এত এত অফুরাণ ফসল/ ফলার পরেও/  এ মৌসুমের তুল্য একটা আকাঙ্ক্ষা এ / মনের মধ্যে নেই” (‘কালবৈশাখী’, বশীর আল হেলাল অনূদিত)। একথা বলার পর নওশাদ আর স্রেফ প্রকৃতিপ্রেমী কবি থাকেন না, শ্রেণিসচেতন কবি হিসেবে হাজির হন। সাম্যবাদী আকাঙ্ক্ষায় ‘মে দিবস’ কবিতায় গর্জে উঠেন, “পহেলা মে তুলছে আওয়াজ/ যারা নির্জীব, চেতনাবিহীন/ আমার হুকুমে উঠে দাঁড়াও” (‘মে দিবস’, আসাদ চৌধুরী অনূদিত)। কবি কাজী নজরুল ইসলামকে ১৯৭২ সালে ঢাকায় দেখার পর তিনি লিখেন, “তাঁর দৃষ্টিহীন চোখ/ এখনও তুফান খুঁজছে…” (‘কাজী নজরুল ইসলাম’, আসাদ চৌধুরী অনূদিত)। প্রতিবাদে, দ্রোহে এইসব পঙক্তিমালা তাঁর কলম থেকে খচিত হয়েছে। এইসব কবিতা আজ আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যন সাক্ষী।

নওশাদ নূরী ধ্রুপদী উর্দু কাব্যের যোগ্য উত্তরাধিকার হিসেবেও আবির্ভূত হয়েছিলেন। যখন তিনি লিখেন, “আমি জগতে ঐশী গ্রন্থের মতো অবতীর্ণ হয়েছি/ আমার ভাবনা হতে ছড়িয়ে পড়বে আলো/ আমার দুর্লভ লেখা সামলে রেখো/ ঐতিহাসিকেরা একদিন খুঁজে ফিরবে আমায়/ এই বন্ধুর কালের অকথিত সনদ/ আমারই ঐতিহ্য লেখা হবে একদিন” (‘কথিত আছে’)।

বা—“আমারও ছিল লক্ষ্যহীন ভবঘুরে প্রহরের কাল/আর তোমার চোখেও ছিল স্বপ্নহীন ঋতু,/ আমার ছিল প্রতীজ্ঞার ক্লান্তির সময়/ আর তোমার ছিল ব্যাকুল হওয়ার ছটফটানি।” (‘খোলামেলা পরিবেশ’, আসাদ চৌধুরী অনূদিত)

বা—যখন তাঁর কবিতা হয়ে উঠলো আবহমান বাংলার চিত্রকল্প —“বাঁশের দেহবর্মে সংকুচিত হয়ে/ আছে চলাচলের পথ/ বেত সলতার চুড়িতে আটকে/ আছে নদী/ অগ্নিনিঃশ্বাসের নৃত্য অলঙ্কৃত/ বৃক্ষ শাখায়/ শাখালগ্ন কলিদের মাঝে/ শতাব্দীর সমস্ত বিমর্ষতা” (‘তীর’, জাভেদ হুসেন অনূদিত)।

চিরায়ত উর্দু কাব্যের দ্যোতনাও প্রকাশ পেলো তাঁর শব্দের হিন্দোলে— “স্বপ্নের মরুধ্যানে তুমি আর আমি/ আমি যেন ছুটে পালানো হরিণ/ তুমি বৃক্ষ হতে ছিন্ন শাখা” (‘কাগজের নৌকো’, জাভেদ হুসেন অনূদিত)

পাশাপাশি, নওশাদ নূরী লিখিত তিনটি গজলের উদাহরণ সামনে আনা যাক, যেগুলোতেও পাঠক ধ্রুপদী উর্দুকাব্যের আবহ খুঁজে পাবেন:  

১. “তুমি চলে গেলে, শহরের সব প্রদীপ নিভে গেল/ প্রতিটি প্রাসাদ, প্রতিটি ঘরে আহাজারি ছড়িয়ে পড়ল”,

২. “মরুভূমি নয় জীবনের তৃষ্ণা এতই তীব্র যে,/ সবার ওষ্ঠ আমার শিরায় স্থাপিত হয়েছে” এবং

৩. “অপরাধ না করেও দণ্ডিত আমি/ এই দৃশ্য শহরের সবাই নির্বিকার অবলোকন করছে” 

                                                                          (‘নওশাদ নূরীর গজল’, মোহাম্মদ হাসান অনূদিত)।

বিশ শতকের ষাটের দশক থেকে শূন্য দশক পর্যন্ত বাংলাদেশের উর্দু কাব্য সাহিত্যের জগতে কবি নওশাদ নূরীর উপস্থিতি ছিল তাৎপর্যপূর্ণ। কিন্তু উর্দু ভাষার কবি হওয়ার কারণে একদিকে পাঠক যেমন তাঁর কাব্যপ্রতিভা সম্পর্কে অজ্ঞ থেকে গেছেন, অন্যদিকে, তাঁকে যথাযথ মূল্যায়নও করা হয়নি। তাঁর কবিতা আজ বাংলাদেশের সাহিত্যাঙ্গনে চর্চিত হয় না। কিন্তু তাঁর রচিত কবিতা যেন আমাদের ডেকে বলে, “একটু মন দিয়ে দেখো আমার হৃদয়ের আয়না/ এতে দেখা যায় জগতের ছবি, একে ভেঙো না”( বাহাদুর শাহ জাফরের গজল, জাভেদ হুসেন অনূদিত)।

মৃত্যুর আগে তিনি চিকিৎসার জন্য কলকাতা গেলে কয়েকটি সংস্থার পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। ১৮ জুলাই ২০০০ সালে তিনি মৃত্যুবরণ করেন। শামসুর রাহমান লিখেছেন, “নওশাদ নূরী এই পৃথিবীর রৌদ্র ছায়া, অন্ধকার আর জোৎস্নার মায়া ছেড়ে চলে গেছেন মৃত্যুলোকে। রয়ে গেছে তাঁর বেশ কিছু স্মরণীয় কবিতা এবং শুভকর্মের ইতিহাস  যা পরবর্তী প্রজন্মকে উদ্দীপিত করবে, দেখাবে প্রকৃত প্রগতির পথ”।

 কবি নওশাদ নূরীর অন্তর্ধানের ছাব্বিশ বছর হলো, আর শত বছরে এসে পড়লো তাঁর জন্মবার্ষিকী। শত বছরের এই কালক্ষণে কবিকে শ্রদ্ধা ও ভালোবাসা। বাংলাদেশের দুঃসময়ের অকৃত্রিম বন্ধু, সাম্যবাদী কবি নওশাদ নূরীকে মরণোত্তর সম্মানে ভূষিত করে অন্তত বাংলাদেশ তাঁর কিছু প্রাপ্যতা মেটাক, কিছু ঋণ শোধ করুক।  

মিজানুর রহমান নাসিম

জন্ম ১৯৬৮ সালের জামালপুরে। তবে চার দশক থেকে রংপুরে বসবাস করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে বিএ অনার্স, এম এ এবং পিএইডি ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকে প্রগতিশালী রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে একটি কলেজ শিক্ষকতা করেন। লেখালেখির সাথে যুক্ত। আট বছর ধরে নিয়মিতভাবে মননরেখা নামে একটি ষাণ্মাসিক শিল্প-সাহিত্য বিষয়ক সাহিত্য জার্নাল প্রকাশ করছেন যার জন্য ২০২২ সালে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা লাভ বরেন। তিনি পত্র-পত্রিকা ও দেশবিদেশের বিভিন্ন জার্নালেও লিখে থাকেন। প্রকাশিত গল্পগ্রন্থ: সেইসব মানুষ, অক্টোবর ও অন্যান্য গল্প , র‌্যাপচার : জুলাই অভ্যুত্থানের র‌্যাপসঙ্গীত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাষা
Scroll to Top