ফিওদর দস্তয়েভস্কির হোয়াইট নাইটস পড়তে শুরু করলে প্রথমে মনে হতে পারে, এটি একটি অসমাপ্ত প্রেমের গল্প। এক নিঃসঙ্গ যুবক, এক তরুণী, কয়েকটি অদ্ভুত সুন্দর রাত এবং শেষ পর্যন্ত বিচ্ছেদ। কিন্তু গল্পটি শেষ করার পর বোঝা যায়, প্রেম এখানে মূল বিষয় হলেও তার চেয়েও গভীরে আছে অন্য কিছু—একজন মানুষের অন্য একজন মানুষের কাছে পৌঁছানোর আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে নিজের কল্পনার মধ্যে আটকে পড়ার মনস্তত্ত্ব। ১৮৪৮ সালে প্রকাশিত এই ছোট্ট রচনাটিতে মানুষের একাকিত্বের যে সূক্ষ্ম মানচিত্র দস্তয়েভস্কি এঁকেছেন, তা বিস্ময়করভাবে আধুনিক। আজকের দিনেও অসংখ্য মানুষ মানুষের ভিড়ে থেকেও একা; পরিচিত মানুষের অভাবে নয়, বরং এমন একজন মানুষের অভাবে যার কাছে বলা যায় নিজের অন্তর্জগতের কথা। হোয়াইট নাইটস সেই গভীর, নামহীন একাকিত্বের গল্প।
গল্পের কথক, যাকে আমরা তার নাম না জেনেই ‘স্বপ্নচারী’ হিসেবে চিনি, তার সমস্যা কেবল একাকীত্ব নয়। নিঃসঙ্গতা ধীরে ধীরে হয়ে উঠেছে তার আত্মপরিচয়ের অংশ। সে শহরের রাস্তায় ঘুরে বেড়ায়, বাড়িঘরকে যেন মানুষের মতো চিনতে শেখে; এমনকি যেসব মানুষের সঙ্গে তার কোনো বাস্তব সম্পর্ক নেই, তাদেরও স্থান দেয় নিজের কল্পনার জগতে। বাস্তব মানুষের অনুপস্থিতিতে সে তৈরি করে এক বিকল্প পৃথিবী—স্মৃতি, কল্পনা, দিবাস্বপ্ন আর অনুমানের পৃথিবী। এখানেই তার মনস্তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি ধরা পড়ে। দীর্ঘদিন একা থাকলে মানুষ কেবল একজন সঙ্গী চায় না; সে চায় নিজের অস্তিত্বের সাক্ষী। কেউ যেন তাকে দেখে, তার কথা শোনে, তাকে গুরুত্ব দেয়। নাস্তেঙ্কার প্রতি স্বপ্নচারীর আকর্ষণের ভেতরে এই চাহিদাটিই ক্রমে সবচেয়ে প্রবল হয়ে ওঠে। তাই নাস্তেঙ্কা আসার আগেই তার ভেতরে এক ধরনের ‘প্রেমের প্রস্তুতি’ তৈরি হয়েই ছিল।
নাস্তেঙ্কার সঙ্গে পরিচয়ের পর স্বপ্নচারীর জীবনে যেন হঠাৎ আলো জ্বলে ওঠে। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, সে নাস্তেঙ্কাকে জানার আগেই ভালোবাসতে শুরু করে। স্বপ্নচারী যে নাস্তেঙ্কার প্রেমে পড়ে, সেই নাস্তেঙ্কা সম্পূর্ণ বাস্তব নাস্তেঙ্কা নয়। বাস্তব নাস্তেঙ্কার নিজস্ব অতীত আছে, অপেক্ষা আছে, একজন প্রিয় মানুষ আছে, নিজস্ব সিদ্ধান্ত আছে। কিন্তু স্বপ্নচারীর কল্পনায় নাস্তেঙ্কা ধীরে ধীরে হয়ে ওঠে তার বহুদিনের কাঙ্ক্ষিত জীবনের প্রতীক। অর্থাৎ সে শুধু একজন মানুষকে ভালোবাসছে না; সে ভালোবাসছে একজন মানুষকে কেন্দ্র করে বিনির্মিত নিজের কল্পিত মনোজাগতিক বাস্তবতাকে। এই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রায়ই ভালোবাসার ক্ষেত্রে অন্য মানুষটি যেমন, তাকে ঠিক তেমন করে দেখি না। বরং তাকে আমাদের আকাঙ্ক্ষার সঙ্গে মিলিয়ে নিই। তার কথা, আচরণ, নীরবতা—সবকিছুর ওপর নিজের কল্পনা আরোপ করি। স্বপ্নচারীর ক্ষেত্রেও তেমনটি ঘটে। নাস্তেঙ্কার সামান্য স্নেহ, বন্ধুত্ব কিংবা নির্ভরতার মধ্যে সে এমন সম্ভাবনা দেখতে শুরু করে, যা নাস্তেঙ্কা নিজে কখনো নিশ্চিত করেনি। তাই তার প্রেমের ট্র্যাজেডি কেবল এই নয় যে নাস্তেঙ্কা অন্য কাউকে ভালোবাসে। ট্র্যাজেডি হলো—স্বপ্নচারী যে সম্পর্কটি হারায়, তার একটি বড় অংশ বাস্তবে কখনো সম্পূর্ণ অস্তিত্বই পায়নি।
স্বপ্নচারীর চরিত্রের সবচেয়ে অস্বস্তিকর দিকগুলোর একটি হলো নাস্তেঙ্কাকে ‘উদ্ধার’ করার আকাঙ্ক্ষা। মোটা দাগে এটিকে নিঃস্বার্থ ভালোবাসা মনে হতে পারে। একজন নিঃসঙ্গ মানুষ আরেকজন বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে চাইছে। কিন্তু মনস্তাত্ত্বিকভাবে বুঝতে গেলে বিষয়টি এতটা সরল নয়। কাউকে উদ্ধার করার ইচ্ছার মধ্যে কখনো কখনো লুকিয়ে থাকে প্রয়োজনীয় হয়ে ওঠার আকাঙ্ক্ষা। যে মানুষটি সারাজীবন নিজেকে অপ্রয়োজনীয় মনে করেছে, সে যদি হঠাৎ কারও কাছে অপরিহার্য হয়ে উঠতে পারে, তবে তার নিজের অস্তিত্বও যেন অর্থ পায়। স্বপ্নচারীর ক্ষেত্রেও নাস্তেঙ্কার জীবনে নিজের একটি বিশেষ স্থান তৈরি করার আকাঙ্ক্ষা জড়িয়ে যায় তার আত্মমর্যাদার সঙ্গে। তাই নাস্তেঙ্কা যখন তার প্রত্যাশামতো আচরণ করে না, তখন তার কষ্ট শুধু প্রেম হারানোর কষ্ট থাকে না; তার সঙ্গে যুক্ত হয় নিজের কল্পিত গুরুত্ব হারানোর আঘাত। এ কারণেই তার আবেগ কখনো কখনো বাস্তব পরিস্থিতির তুলনায় অতিরিক্ত তীব্র বলে মনে হয়।
গল্পের শেষভাগে স্বপ্নচারীর কষ্টকে আমরা যদি শুধু ‘অপ্রাপ্ত প্রেমের বেদনা’ বলে ব্যাখ্যা করি, তাহলে দস্তয়েভস্কির কাজের যথার্থ মূল্যায়ন করা হয় না। স্বপ্নচারী কেবল নাস্তেঙ্কাকে হারায় না, সে হারায় এমন একটি ভবিষ্যৎ, যা সে ইতোমধ্যে নিজের মনের মধ্যে নির্মাণ করে ফেলেছিল। কোনো সম্পর্কের সম্ভাবনাকে আমরা যখন বাস্তবতার চেয়ে অনেক বড় করে দেখি, তখন প্রত্যাখ্যান শুধু বর্তমানকে আঘাত করে না—ধ্বংস করে দেয় আমাদের কল্পিত ভবিষ্যৎকেও। স্বপ্নচারীর বেদনায় সেই ধ্বংসের শব্দ শোনা যায়। নাস্তেঙ্কা তার কাছে কেবল একজন মানুষ ছিল না; সে ছিল তার একাকিত্বের বন্দীদশা থেকে বেরিয়ে আসার দরজা। ফলে নাস্তেঙ্কাকে হারানো মানে ফিরে যাওয়া আবার সেই পুরোনো অন্ধকারে। এখানেই একাকার হয়ে যায় তার বিরহ এবং নিঃসঙ্গতা।
তবে হোয়াইট নাইটস-কে শুধু স্বপ্নচারীর মানসিক বিপর্যয়ের গল্প ভাবলে কমে যায় নাস্তেঙ্কার চরিত্রের গুরুত্ব। নাস্তেঙ্কাও প্রতীক্ষারত। সেও মানসিকভাবে আটকে আছে অতীতের একজন মানুষের সঙ্গে। তার সামনে বর্তমানও আছে, কিন্তু তার মন তাকিয়ে আছে ভবিষ্যতের একটি নির্দিষ্ট সম্ভাবনার দিকে—সেই মানুষটি ফিরে আসবে কি না। অর্থাৎ দুজনের নিঃসঙ্গতা এক নয়, কিন্তু দুজনের মধ্যেই একটি মিল আছে: দুজনেই বর্তমানের সম্পূর্ণ জীবনে প্রবেশ করতে পারছে না। স্বপ্নচারী ভবিষ্যৎ কল্পনা করতে করতে বর্তমানকে হারিয়ে ফেলে। নাস্তেঙ্কা অতীতের ভালোবাসার প্রত্যাবর্তনের অপেক্ষায় বর্তমানকে স্থির করে রাখে। তাদের সাক্ষাৎ তাই দুটি পূর্ণ মানুষের মিলন নয়; বরং দুটি অসম্পূর্ণ অপেক্ষার সাময়িক সংযোগ। এই কারণেই তাদের সম্পর্ক এত দ্রুত গভীর হয়ে ওঠে। দুজনেই এমন একজন মানুষ খুঁজছে, যার কাছে প্রাণ খুলে বলা যায় নিজের অপেক্ষার গল্প।
হোয়াইট নাইটস-এর কয়েকটি রাত শুধু গল্পের সময়সীমা নয়। রাতগুলোকে স্বপ্নচারীর মানসিক বিবর্তনের কয়েকটি ধাপ হিসেবেও দেখা যায়। প্রথম রাতে আছে বিস্ময়: একজন মানুষ আবিষ্কার করছে আরেকজন মানুষের উপস্থিতি। দ্বিতীয় রাতে সেই বিস্ময় রূপ নেয় আত্মপ্রকাশে; স্বপ্নচারী খুলে দেয় নিজের অন্তর্জগতের দরজা এবং নাস্তেঙ্কার মধ্যে খুঁজে পায় একজন শ্রোতা ও সঙ্গী। তৃতীয় রাতে তৈরি হয় অন্তরঙ্গতা, স্বীকারোক্তি এবং সম্ভাবনার অনুভূতি। নাস্তেঙ্কা তার অতীতের ভালোবাসার কথা বললেও স্বপ্নচারীর মনে ইতোমধ্যেই জন্ম নিতে শুরু করেছে তার ভবিষ্যতের কল্পনা। এরপর আসে সেই বৃষ্টিভেজা রাত—নাস্তেঙ্কা আসবে না জেনেও স্বপ্নচারী নির্ধারিত স্থানে গিয়ে অপেক্ষা করে। এখানে তার অপেক্ষা আর কেবল সাক্ষাতের প্রত্যাশা নয়, অপেক্ষা পরিণত হয় তার মানসিক নির্ভরতায়। সে জানে বাস্তবতা কী, তবু নিজের মনকে মানিয়ে নিতে পারে না সেই বাস্তবতার সঙ্গে। চতুর্থ রাতে তার কল্পনাকে বহুগুণে বাড়িয়ে দিয়ে তার ওপর নির্মম হয়ে আঘাত করে বাস্তবতা। অর্থাৎ বিস্ময় থেকে আত্মপ্রকাশ, আত্মপ্রকাশ থেকে প্রত্যাশা, প্রত্যাশা থেকে প্রতীক্ষা এবং শেষ পর্যন্ত বাস্তবতার আঘাত—এই ক্রমে ঘটে স্বপ্নচারীর মানসিক বিবর্তন। এই দ্রুততার মধ্যেই গল্পটির মনস্তাত্ত্বিক সত্য নিহিত। নিঃসঙ্গ মানুষ কখনো কখনো কয়েক মুহূর্তের সংযোগের ওপর ঢেলে দিতে পারে দীর্ঘদিনের আবেগ। যে মানুষটি বহুদিন কারও কাছে নিজের কথা বলতে পারেনি, একজন শ্রোতা পেলে সে অল্প সময়েই তাকে বসিয়ে ফেলতে পারে নিজের জীবনের কেন্দ্রে। স্বপ্নচারীর ক্ষেত্রে নাস্তেঙ্কার সঙ্গে কয়েকটি রাত যেন খুলে দেয় তার বহু বছরের নীরবতার দরজা।
স্বপ্নচারীকে কেবল ‘নির্দোষ’ বা ‘পবিত্র হৃদয়ের প্রেমিক’ হিসেবে দেখলে আড়ালে থেকে যায় চরিত্রটির একটি গুরুত্বপূর্ণ দিক। সে নিজের কল্পনাকে বাস্তবতার সঙ্গে গুলিয়ে ফেলে। নিজের অনুভূতির তীব্রতাকে অন্য মানুষের অনুভূতির প্রমাণ হিসেবে ধরে নেওয়ার প্রবণতা তার মধ্যে বিদ্যমান। এখানে তার আত্মপ্রবঞ্চনা খুব সূক্ষ্ম। সে মিথ্যা বলছে না; সে নিজেকেই বিশ্বাস করাচ্ছে এমন একটি গল্প, যা সে বিশ্বাস করতে চায়। আমরা অনেক সময় এমন সংকেতই বেশি দেখতে পাই, যা আমাদের প্রত্যাশাকে সমর্থন করে। একটি হাসি হয়ে যায় ভালোবাসার ইঙ্গিত, বন্ধুত্ব হয়ে যায় সম্ভাব্য প্রেম, সহানুভূতি হয়ে যায় গভীর আকর্ষণ। স্বপ্নচারীর সমস্যা হলো, বাস্তববোধের চেয়ে তার কল্পনার শক্তি বেশি। তার পৃথিবী এতটাই অন্তর্মুখী যে বাইরের মানুষ সেখানে প্রবেশ করলেই সে তাকে নিজের কাহিনির চরিত্রে পরিণত করতে শুরু করে।
হোয়াইট নাইটস পড়তে গিয়ে অনেক পাঠকের কাছে বিরক্তিকর বা পুনরাবৃত্তিময় মনে হতে পারে স্বপ্নচারীর দীর্ঘ কথাবার্তা। কিন্তু সাহিত্যিক দিক থেকে এই দীর্ঘ বক্তৃতাগুলোকে লেখকের দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই। কারণ স্বপ্নচারী নিজেই এমন একজন মানুষ, যে বাস্তব জীবনে যতটা স্বল্পবাক, নিজের ভেতরে তার চেয়ে অনেক বেশি প্রগলভ। তার মন যেন এক লাগামহীন ঘোড়া। একটি ঘটনা ঘটলেই তার ভেতরে তৈরি হয় অসংখ্য ব্যাখ্যা, সম্ভাবনা, আশঙ্কা ও কল্পনা। তাই তার বর্ণনার অতিরিক্ততা আসলে তার মনোজগতেরই বহিঃপ্রকাশ। এখানে পাঠকের বিরক্তিও গুরুত্বপূর্ণ। কারণ দস্তয়েভস্কি আমাদের শুধু স্বপ্নচারীর প্রতি সহানুভূতিশীল করতে চান না; তিনি আমাদের উঁকি দিতে উদ্বুদ্ধ করেন তার মনোজগতের ভেতরে। আমরা তার নিঃসঙ্গতা অনুভব করি, একইসাথে অনুভব করি তার আত্মকেন্দ্রিকতাও। এই দ্বৈত অনুভূতিই জীবন্ত করে তোলে নাম না জানা চরিত্রটিকে।
হোয়াইট নাইটস-এর সবচেয়ে কঠিন প্রশ্ন সম্ভবত এটাই—স্বপ্নচারী কি নাস্তেঙ্কাকে ভালোবাসে, নাকি সে ভালোবাসা পাওয়ার অভিজ্ঞতাকে ভালোবাসে? দুটির মধ্যে সূক্ষ্ম কিন্তু গভীর পার্থক্য আছে। অন্যকে ভালোবাসার অর্থ হলো তার স্বাধীনতাকে মেনে নেওয়া—সে আমাকে চাইবে কি না, আমার সঙ্গে থাকবে কি না, আমার কল্পনার সঙ্গে তার বাস্তবতা মিলবে কি না—এসবের ওপর আমার অধিকার নেই। কিন্তু স্বপ্নচারীর প্রেমের মধ্যে কখনো কখনো নাস্তেঙ্কার স্বাধীনতার চেয়ে তার নিজের অনুভূতির গুরুত্ব বেশি হয়ে ওঠে। সে এত গভীরভাবে অনুভব করে যে নিজের অনুভূতির সত্যতাকেই সম্পর্কের সত্য বলে ভাবতে শুরু করে। এই জায়গায় তার প্রেমের মধ্যে এক ধরনের অধিকারবোধের ছায়া পড়ে। দস্তয়েভস্কি এটিকে সরাসরি নৈতিক ভাষায় ব্যাখ্যা করেন না; বরং তিনি আমাদের সামনে এমন একজন মানুষকে দাঁড় করান, যাকে একই সঙ্গে ভালোবাসতে ইচ্ছা করে এবং প্রশ্নবিদ্ধ করারও অবকাশ রেখে দেয়। আর সম্ভবত এটাই চরিত্রটির প্রধানতম শক্তি।
নাস্তেঙ্কাকেও সম্পূর্ণ নির্দোষ বলার কারণ নেই। সে স্বপ্নচারীর সঙ্গ ও সহানুভূতি গ্রহণ করে, তার ওপর নির্ভর করে এবং শেষ পর্যন্ত ফিরে যায় নিজের কাঙ্ক্ষিত মানুষটির কাছে। ফলে স্বপ্নচারীর দৃষ্টিকোণ থেকে তাকে ব্যবহারকারী মনে হওয়া স্বাভাবিক। কিন্তু তার চরিত্রটিকে কেবল ‘চতুর নারী’ বলে বিচার করাও অন্যায়। সে স্বপ্নচারীকে তার অবস্থান সম্পর্কে সতর্ক করে। সে নিজের ভালোবাসা সম্পর্কে অস্পষ্ট নয়। তার আবেগের মধ্যে দুর্বলতা আছে, অপেক্ষা আছে, ভুল করার সম্ভাবনা আছে—কিন্তু নিজের ইচ্ছার ব্যাপারে সে স্বপ্নচারীর চেয়ে বেশি সচেতন। এখানেই দুই চরিত্রের একটি গুরুত্বপূর্ণ পার্থক্য পরিলক্ষিত হয়। স্বপ্নচারী নিজের কল্পনাকে সত্যি করতে চায়; নাস্তেঙ্কা তার নিজস্ব সত্যটিকে অনুসরণ করতে চায়, এমনকি তার সত্য স্বপ্নচারীর জন্য বেদনাদায়ক হলেও।
এই দিক থেকে হোয়াইট নাইটস আসলে বিচ্ছেদের গল্পের চেয়েও বেশি—এগিয়ে যেতে না পারার গল্প। স্বপ্নচারীর জীবনে মানুষ আসে এবং চলে যায়। তার চারপাশের পৃথিবী ক্রমাগত পরিবর্তিত হয়, কিন্তু সে নিজের ভেতরে স্থির। নাস্তেঙ্কাও অতীতের একজন মানুষের প্রত্যাবর্তনের অপেক্ষায় বর্তমানকে আটকে রেখেছে। দুজনের সাক্ষাৎ যেন এক মুহূর্তের জন্য তাদের এই স্থবিরতাকে স্বস্তি দেয়। কিন্তু কোনো সম্পর্ক যদি উভয় পক্ষের জীবনবাস্তবতাকে সামগ্রিকভাবে উপলব্ধি করে সেই বাস্তবতার মধ্য দিয়ে একটি সুষম পরিণতির দিকে এগিয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত ও প্রস্তুতিতে পৌঁছাতে না পারে, তাহলে তা শেষ পর্যন্ত স্মৃতিতে পরিণত হয়। এই কারণেই হোয়াইট নাইটস-এর সুখ এত ক্ষণস্থায়ী।
‘হোয়াইট নাইটস’—গল্পের শিরোনামটিই একটি গভীর প্রতীক। সাদা রাত এমন এক সময়, যখন রাত পুরোপুরি রাত নয়, আবার দিনও নয়। চারপাশে আলো আছে, কিন্তু সেই আলো দিনের পূর্ণ আলো নয়। স্বপ্নচারীর মানসিক অবস্থাও ঠিক এমন। সে বাস্তব জীবনে নেই পুরোপুরি, আবার নেই সম্পূর্ণ কল্পনার মধ্যেও। সে ভালোবাসার সম্ভাবনায় পৌঁছেছে, কিন্তু ভালোবাসার বাস্তবতায় নয়। সে একাকী, কিন্তু কিছুক্ষণের জন্য নিঃসঙ্গ নয়। সে স্বপ্ন দেখছে, অথচ স্বপ্নের ভেতরেই অপেক্ষা করছে বাস্তবতার আঘাতের। সাদা রাতগুলো তাই কেবল সুন্দর রোমান্টিক পরিবেশ নয়, বরং বাস্তবতা ও কল্পনা, নিঃসঙ্গতা ও সংযোগ, আশা ও হতাশা, জাগরণ ও স্বপ্নের মধ্যবর্তী মানসিক অঞ্চল। এই মধ্যবর্তী অবস্থাতেই স্বপ্নচারী সবচেয়ে সুখী—এবং একইসঙ্গে সবচেয়ে বিপন্নও বটে।
গল্পের শেষ মুহূর্তে নাস্তেঙ্কার প্রতি স্বপ্নচারীর শুভকামনা নিঃসন্দেহে হৃদয়স্পর্শী। সে নাস্তেঙ্কার সুখ কামনা করে। কিন্তু এখানেও দস্তয়েভস্কি আমাদের দাঁড় করান একটি অস্বস্তিকর প্রশ্নের সামনে। এটি কি সত্যিই নিঃস্বার্থ ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ? নাকি স্বপ্নচারী আবারও নিজের জন্য তৈরি করছে একটি সুন্দর গল্প—যেখানে সে সেই মহান, আত্মত্যাগী প্রেমিক, যে নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যের সুখ চায়? সম্ভবত দুটোই সত্য। মানুষের অনুভূতি সবসময় একরৈখিক নয়। মানুষের মনে একই সঙ্গে কারও জন্য সত্যিকারের শুভকামনা থাকতে পারে, আবার থাকতে পারে নিজের বেদনাকে মহিমান্বিত করার প্রবণতাও। ঠিক সেই জটিল মানসিক অঞ্চলেই দাঁড়িয়ে আছে দস্তয়েভস্কির স্বপ্নচারী।
হোয়াইট নাইটস-এর শেষ প্রশ্নটি তাই প্রেম পাওয়া বা না-পাওয়ার প্রশ্ন নয়। প্রশ্নটি হলো—একজন মানুষের জীবনে কয়েক মুহূর্তের সত্যিকারের সংযোগের মূল্য কতখানি? যে মানুষ দীর্ঘদিন একা থেকেছে, তার কাছে কয়েকটি উষ্ণ রাত হয়তো অন্য কারও কাছে একটি সাধারণ স্মৃতি মাত্র। কিন্তু তার কাছে সেটিই হয়ে উঠতে পারে জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। এই কারণেই গল্পের শেষের অনুভূতিটি এত দ্ব্যর্থক। স্বপ্নচারী হেরে গেছে, কিন্তু সে কিছু পেয়েছেও। সে স্থায়ী ভালোবাসা পায়নি; কিন্তু সাময়িক সংযোগের তীব্রতা তাকে নতুন করে সচেতন করেছে তার নিজের অস্তিত্ব সম্পর্কে। দস্তয়েভস্কি আমাদের দেখিয়েছেন, এক মুহূর্তের সুখও কখনো কখনো একটি দীর্ঘ জীবনের অন্ধকারে আলো হয়ে থাকতে পারে।
হোয়াইট নাইটস তাই নিছক একটি অসমাপ্ত প্রেমের গল্প নয়। এটি এমন এক মানুষের গল্প, যে এতদিন বাস করেছে নিজের কল্পনার মধ্যে। বাস্তব একজন মানুষ তার জীবনে প্রবেশ করতেই সে সেই মানুষটির ওপর চাপিয়ে দেয় নিজের সমস্ত অপূর্ণতা, আকাঙ্ক্ষা ও ভবিষ্যতের স্বপ্ন। স্বপ্নচারীর প্রতি সহানুভূতি থাকা জরুরি, কিন্তু তাকে আদর্শ প্রেমিক হিসেবে দেখার যৌক্তিকতা নেই। তার নিঃসঙ্গতা সত্য, তার ভালোবাসার আকাঙ্ক্ষা সত্য; একইসাথে তার কল্পনা, আত্মপ্রবঞ্চনা ও অধিকারবোধও মিথ্যা নয়। অন্যদিকে নাস্তেঙ্কাও নিখুঁত নয়। কিন্তু সে নিজের ইচ্ছা ও অপেক্ষার ব্যাপারে স্বপ্নচারীর চেয়ে বেশি সৎ। এই দুই অসম্পূর্ণ মানুষের সাক্ষাৎ তাই শেষ পর্যন্ত একটি স্থায়ী প্রেমের জন্ম দেয় না; বরং অল্প সময়ের জন্য দৃশ্যমান করে তোলে একে অপরের নিঃসঙ্গতাকে। হয়তো হোয়াইট নাইটস-এর সবচেয়ে বড় বেদনা এখানেই। মানুষ কখনো কখনো এমন কাউকে ভালোবাসে, যে তার জীবনে থাকার জন্য নয়, বরং সাময়িকভাবে তার নিঃসঙ্গতা দূর করতে এসেছিল। আর সেই কারণেই দস্তয়েভস্কির সাদা রাতগুলো এত আলোয় ভরা হয়েও শেষ পর্যন্ত অন্ধকার।
দুলু সরকার
জন্ম— ১৪০০ বঙ্গাব্দের ৩রা কার্তিক। পড়াশোনা— জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। বিশেষ অনুরাগ— দার্শনিক ধারার সাহিত্য পাঠ, অনুবাদ; অল্পবিস্তর কবিতা, গান, গল্প, প্রবন্ধ ইত্যাদি রচনা।





