[শর্ট টকস বা সংক্ষিপ্ত আলাপ অ্যান কারসনের নিরীক্ষাধর্মী গদ্য-কবিতার সংকলন। ১৯৯২ সালে বইটি প্রকাশিত হয়। ছোটো ছোটো গদ্য-কবিতা ধরণের এই লেখাগুলোতে আপাত-বিচ্ছিন্ন, গভীর রূপকধর্মী সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে ইতিহাস, চিত্রকলা, বিজ্ঞান এবং মানব-মনস্তত্ত্বের জটিল গোলকধাঁধা ফুটে উঠেছ। কার্সনের এই টুকরো আলাপগুলো ঠিক প্রথাগত কবিতার ব্যাকরণ বা ক্ষুদ্র গদ্যের নিয়মের মধ্যে পড়ে না, তবে এক অদ্ভুত পরাবাস্তব, রহস্যময় আবহ তৈরি করে, যা পাঠকের চিরচেনা প্রচলিত ভাবনাকে তীব্রভাবে নাড়া দেয়।]
ভূমিকা
একদিন খুব ভোরে শব্দগুলো হারিয়ে গেল। তার আগে, শব্দ ছিলই না। ঘটনা ছিল, চেহারা ছিল। অ্যারিস্টটল বলেছিলেন, একটি ভালো গল্পে যা কিছু ঘটে তা অন্য কোনো কিছুর ধাক্কায় ঘটে। একদিন কেউ একজন খেয়াল করল আকাশে নক্ষত্র আছে কিন্তু কোনো শব্দ নেই। কেন?- অনেক মানুষকে আমি জিজ্ঞেস করেছি, আমার মনে হয়েছে এটা ভালো একটা প্রশ্ন। তিনজন বৃদ্ধা নারী মাঠে ঝুঁকে কাজ করছিলেন। ‘আমাদের প্রশ্ন করে কী লাভ?’ তারা বলেছিলেন। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার বোঝা গেল তুষারাবৃত মাঠ, নীলচে-সবুজ অঙ্কুর আর যে ফুলকে কবি’রা ভুল করে ভায়োলেট ফুল ভেবে বসে—সেই ‘দুঃসাহসী ডালিয়া’ গাছ সম্পর্কে তারা সবকিছুই জানেন। যা কিছু বলা হচ্ছিল, আমি সবই টুকে নিচ্ছিলাম। অক্ষর চিহ্নগুলো গল্পের একঘেয়েমি ছাড়াই ধীরে ধীরে প্রকৃতির একটি মুহূর্তকে ফুটিয়ে তুলে। আমি এই বিষয়ের উপরেই জোর দিচ্ছি। একঘেয়েমি এড়াতে যা কিছু করা যায়, তা-ই করা। তবে সারা জীবনের কাজ এটা। আপনি কখনোই যথেষ্ট জানতে পারবেননা, কখনোই যথেষ্ট কাজ করতে পারবেননা, কখনোই ইনফিনিটিভ ও পার্টিসিপলগুলোকে যথেষ্ট অদ্ভুতভাবে ব্যবহার করতে পারবেননা, কখনোই এগুলোর চলাচলকে কঠোরভাবে বাধা দিতে পারবেননা, এবং কখনোই ভাবনা/চিন্তা থেকে দ্রুত বেরিয়ে আসতেও পারবেননা।
তিপ্পান্নটি খণ্ডে আমি লিখে রেখেছিলাম, যা বলা হয়েছিল, সব। এমনকি বহু দূরবর্তী স্থান থেকে আসা কথাগুলোও। প্রতিদিন একই সময়ে আমি সেই খণ্ডগুলো পড়তাম। কিন্তু গতকাল কিছু লোক এসে সেগুলো নিয়ে গেল। তারা খণ্ডগুলোকে একটি বাক্সে ভরে ফেলল। তালা লাগিয়ে দিল। তারপর, আমরা সকলে বাইরের প্রকৃতির দিকে তাকালাম। তাদের নির্দেশনা ছিল স্পষ্ট। আমাকে জলের আয়নার মতো একটি আয়নার অনুকরণ করতে হবে (যদিও পানি আসলে আয়না নয়, আর সেরকম মনে করাটাও বিপজ্জনক)। সত্যি বলতে, পুরো সময়টায় আমি শুধু তাদের চলে যাওয়ার অপেক্ষায় ছিলাম, যাতে বাদ পড়ে যাওয়া অংশগুলো আমি পূরণ করতে পারি। কাজেই, আমার কাছে এখন তিনটি খণ্ড রয়ে গেছে (যেগুলো আমি লুকিয়ে রেখেছিলাম)। কী লিখছি, সে বিষয়ে আমাকে খুব সতর্ক থাকতে হবে। অ্যারিস্টটল সম্ভাবনা ও প্রয়োজনীয়তার কথা বলেছেন, কিন্তু এমন বিস্ময়ের কী মূল্য, এমন গল্পেরই বা কী সার্থকতা, যেখানে বিষধর ড্রাগন নেই? আসলে, যত কাজই করা হোকনা না কেন, কখনোই তা যথেষ্ট নয়।
আশা বিষয়ে সংক্ষিপ্ত আলাপ
আশা করছি খুব শীঘ্রই পুরোপুরি রাবার দিয়ে তৈরি একটি বাড়িতে থাকব। ভেবে দেখুন, কতো দ্রুত আমি তখন এক ঘর থেকে অন্য ঘরে যেতে পারব! ছোট্ট একটা মোক্ষম লাফ, আর সাথে সাথেই আপনি ঘরে হাজির। আমার এক বন্ধু আছে, যুদ্ধের সময় দাহ্যবোমায় যার হাত দুটো পুড়ে গিয়েছিল। এখন ফের নতুন করে তাকে শিখতে হবে -খাওয়ার টেবিলে রুটি কীভাবে এগিয়ে দিতে হয়। শেখাই জীবন। আসলে, আজ সন্ধ্যায় আমার বাড়িতে তাকে আমন্ত্রণ জানানোর ইচ্ছে আছে। শেখার রঙ আর জীবনের রঙ এক—এমন সব কথাই বলে সে।
পেছন দিকে হাঁটা বিষয়ে সংক্ষিপ্ত আলাপ
মা আমাদের উল্টো দিকে/পেছন দিকে হাঁটতে নিষেধ করতেন। তিনি বলতেন, মৃত মানুষেরা এভাবে হাঁটে। এই ধারণাটা তিনি কোথায় পেলেন? হয়তো কোনো ভুল ব্যাখা থেকে। আসলে, মৃতরা ঠিক উল্টো দিকে হাঁটে না, তবে আমাদের পেছনে পেছনেই হাঁটে। তাদের ফুসফুস নেই বলে ডাকতে পারে না; কিন্তু তারা চায় আমরা যেন পেছন ফিরে তাকাই। তারা আসলে ভালোবাসায় আক্রান্ত, তাদের অনেকেই।
সংশোধন বিষয়ে সংক্ষিপ্ত আলাপ
কাফকা তার ঘড়ি দেড় ঘণ্টা এগিয়ে রাখতে পছন্দ করতেন। ফেলিস বারবার তার ঘড়ি ঠিক করে দিতেন। তা সত্ত্বেও, কাফকা তার ডায়েরিতে ‘আমরা প্রত্যেকে অন্যকে নিজের মতো করে ভালোবাসি’ এই কথার পাশাপাশি ফেলিসের সোনার দাঁত নিয়েও কিছু কথা লিখেছিলেন। ১৯১২ সালে কাফকার কাছে সেই দাঁতগুলোর দ্যুতি ছিল রীতিমতো নরকের মতো উজ্জ্বল। এবং পাঁচ বছর ধরে তারা প্রায় বিয়ে করেই ফেলেছিল। কাফকা বিয়ের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলোর একটি তালিকাও তৈরি করেছিলেন। তার মধ্যে ছিল- নিজের জীবনের আঘাতগুলো সহ্য করতে না পারার অক্ষমতা (পক্ষে), আর রাত ১০:৩০ মিনিটে বাব-মার বিছানায় পেতে রাখা রাত-পোশাকের দৃশ্য (বিপক্ষে)। শেষ পর্যন্ত রক্তক্ষরণ তাকে বাঁচিয়ে দিল। স্যানাটোরিয়ামের চিকিৎসকরা যখন তাকে কথা বলতে নিষেধ করলেন, তখন তিনি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রাখলেন কাঁচের মতো তীক্ষ্ণ সব বাক্য। একটি বাক্য ছিল- ফেলিসের মধ্যে বড্ড বেশি নগ্নতা অবশিষ্ট রয়ে গেছে। সুস্থ দাঁত? সেগুলোও ভয়াবহ, তাদের মতো করে।
ভ্যানগগ বিষয়ে সংক্ষিপ্ত আলাপ
ভ্যানগগ বলেছিলেন হলুদ আকাশকে, বিশাল এই হলুদ আকাশকে বোঝার জন্য আমি মদ পান করি। যখন পৃথিবীর দিকে তাকাতেন, তিনি দেখতেন পেরেক। বিভিন্ন বস্তুর সাথে রঙ আটকে রাখা পেরেক, আর দেখতেন পেরেকগুলোর যন্ত্রণা।
ঘুমপাথর নিয়ে সংক্ষিপ্ত আলাপ
কামিল ক্লদেল তার জীবনের শেষ ত্রিশ বছর কাটিয়েছিলেন এক মানসিক হাসপাতালে, ‘কেন’ এই প্রশ্ন নিয়ে। তিনি চিঠি লিখতেন তার কবি ভাইকে, যিনি তার (এ্যাসাইলামে রাখার) কাগজে স্বাক্ষর করেছিলেন। আমার সঙ্গে দেখা করতে এসো- তিনি লিখতেন। মনে রেখো, আমি এখানে পাগল নারীদের মাঝে বাস করছি, দিনগুলোও লম্বা। তিনি সিগারেট খেতেন না, হাটাহাটি করতেন না। ভাস্কর্য বানাতেও চাইতেন না। তারপরও তাকে যে ঘুমপাথরগুলো দেওয়া হতো —মার্বেল, গ্রানাইট আর পর্ফিরি, সেগুলোকে তিনি ভেঙে ফেলতেন। ভাঙ্গা টুকরোগুলো কুড়িয়ে রাতের অন্ধকারে দেয়ালের বাইরে গিয়ে পুঁতে আসতেন। রাতের বেলা তার হাত দুটো বিশাল থেকে বিশালতর হয়ে উঠত, যতক্ষন পর্যন্ত না ছবিতে সেগুলোকে হাঁটুর ওপর চাপিয়ে দেওয়া অন্য কারও শরীরের অংশ মনে হতো।
মোনালিসা বিষয়ে সংক্ষিপ্ত আলাপ
প্রতিদিন তিনি তার প্রশ্ন ঢেলে দিতেন নারীটির মধ্যে — যেভাবে কেউ জল ঢালে এক পাত্র থেকে অন্য পাত্রে—আর সেই প্রশ্নগুলো আবার তার কাছেই ফিরে আসত। আমাকে বলো না যে তিনি তার মা, কামনা বা এরকম কোনো ছবি আঁকছিলেন। কোনো মুহূর্ত থাকে যখন কোনো পাত্রেই জল থাকে না—কী তীব্রই না সেই তৃষ্ণা! তিনি ভেবেছিলেন, ক্যানভাসটি পুরোপুরি শূন্য হয়ে গেলে তিনি হয়তো থেমে যাবেন। কিন্তু নারী শক্তিশালী। সে পাত্র চিনত, জল চিনত, আর চিনত মানুষের মরণপণ তৃষ্ণা।
সিলভিয়া প্লাথকে নিয়ে সংক্ষিপ্ত আলাপ
টেলিভিশনে তার মাকে দেখেছিলেন? খুব সরল, দগ্ধ কিছু কথা বলছিলেন তিনি। তিনি বলছিলেন- আমার কাছে মনে হয়েছে এটি একটি চমৎকার কবিতা, কিন্তু এটি আমাকে কষ্ট দিয়েছে। তিনি জঙ্গলের আতঙ্ক বা ভয়ের কথা বলেননি। তিনি জংগলের ঘৃণা বুনো অরণ্যের কান্না কেটে সাফ করে ফেলার কথা বলেননি। তিনি বলেছিলেন আত্মশাসন, তিনি বলেছিলেন পথের শেষ । তিনি বলেননি বাতাসে মাঝখানে গুঞ্জন তুলে যা খুঁজতে এসেছিলে, তা কেটে ফেলো।
বৃষ্টি নিয়ে সংক্ষিপ্ত আলাপ
যে রাতে আমি বিদায় নিলাম, আকাশ ছিল জলপাইয়ের চেয়েও কালো। অদ্ভুত এক আনন্দ নিয়ে প্রাসাদের পাশ দিয়ে যখন ছুটছিলাম, তখনই বৃষ্টি নামল। কী আশ্চর্য এক খেয়াল—ছোট ছোট এই বিন্দুগুলো! গুনতে গুনতে আমি হয়তো হারিয়েই যাব। কে প্রথম ভেবেছিল বৃষ্টির ফোঁটা নিয়ে? কিভাবে এর বর্ণনা করেছিল সে অন্যদের কাছে? দূরে সমুদ্রেও বৃষ্টি পড়ছে। কিন্তু কারো গায়ে বৃষ্টির ছাঁট লাগছে না।
অর্কিড বিষয়ে সংক্ষিপ্ত আলাপ
আমরা সুড়ঙ্গ খুঁড়ে বেঁচে থাকি, কারণ আমরা জীবন্ত সমাহিত মানুষ। তোমরা যে সুড়ঙ্গগুলো তৈরি করো, আমার কাছে, সেগুলোকে অদ্ভুত লক্ষ্যহীন মনে হয়, শিকড়হীন অর্কিডের মতো। কিন্তু এদের সুবাস মরে যায় না। ১৮৮৩ সালের এক চিঠিতে এমিলি ডিকিনসন লিখেছিলেন- কিছুদিন আগে অ্যামহার্স্ট থেকে একটি ছোট ছেলে পালিয়ে গেছে; কোথায় যাচ্ছ জিজ্ঞেস করা হলে সে উত্তর দিয়েছিল—ভারমন্ট অথবা এশিয়া।
আশ্রয় নিয়ে সংক্ষিপ্ত আলাপ
তুমি মাছের হৃদপিণ্ড দিয়ে দেয়ালে কিছু লিখতে পারবে, কারন তাতে ফসফরাস আছে। তারা খায় এগুলো, নদী ঘেঁষে আরও নিচের দিকে এমন কিছু ঝুপড়ি আছে। তোমাকে যতটা সম্ভব ভুল প্রমাণ করার জন্যই আমি এসব লিখছি। ঝুপড়িগুলো বলছে চলে যাওয়ার সময় দরজাটা ফের আগের জায়গায় বসিয়ে দিও—এখন তুমিই বলো, এটা কতটা ভুল। কতক্ষণ ধরে এটা জ্বলজ্বল করতে থাকে! তুমি বলো আমাকে ।
ছন্দা মাহবুব
জন্ম ১৯৭৭ সালে, ঢাকায় । পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ বিভাগে। পেশায় বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী ।
নানা বিষয়ে অনুবাদ করেছেন । বিশেষ আগ্রহ শিশুতোষ সাহিত্য অনুবাদে । অনূদিত ও সম্পাদিত বই ৯টি । উল্লেখযোগ্য অনুবাদ বই: কাগজের হাজার সারস (২০১৮), কোরিয়ার কবিতা (২০১৯), কাফকা ও ভ্রমণ পুতুল (২০২২), ঈশ্বর তুমি কি শুনছ? আমি মার্গারেট বলছি (২০২১), কিম সওলের শত কবিতা (২০২৩), পিপ্পি লংস্টকিং (২০২৫)।



